হত্যা মামলাটি ছিল সাজানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষকে ফাঁসাতে স্বামীর স্বাভাবিক মৃত্যুর এক মাস পর হত্যা মামলা করেছিলেন কিশোরগঞ্জের কটিয়াদীর মরিয়ম বেগম। এখন তিনি বলছেন, তাঁর স্বামী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। কিছু কুচক্রী লোকের পাল্লায় পড়ে তিনি আদালতে সাজানো মামলা করেছিলেন। এখন তিনি তাঁর ভুল বুঝতে পারছেন। এ ব্যাপারে গত ২৯ মে মরিয়ম বেগম একটি হলফনামা (এফিডেভিট) দিয়েছেন।এদিকে গত ১৪ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়েরের পর আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। কিন্তু এ পর্যন্ত তিনবার কবর থেকে লাশ তুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। বাদী এবং এলাকাবাসীর বাধা ও আবেদন-নিবেদনের কারণে লাশ তোলা সম্ভব হয়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কটিয়াদী উপজেলার চরিয়াকোনা গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ আবদুল হাসিম দীর্ঘদিন ধরে হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৮ জানুয়ারি ভাতিজা নজরুল মিয়ার দোকানে চা খেতে বসে মারা যান তিনি।এ ঘটনার প্রায় এক মাস পর প্রতিপক্ষকে ফাঁসাতে আবদুল হাসিমকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ গত ১৪ ফেব্রুয়ারি মরিয়ম বেগম বাদী হয়ে কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালত-৫-এ হত্যা মামলা দায়ের করেন। এতে মানিক সিংহসহ ১১ জনকে আসামি করা হয়। এ নিয়ে গত ২৯ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘স্বাভাবিক মৃত্যু গড়াল হত্যা মামলায়!’ শিরেনামে একটি সংবাদ প্রকাশ হয়।