হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় রাজু আহমদ (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়, ২০১০ সালের ৩১ মে ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের আবু তালেবের ছেলে রাজু আহমেদ ভৈরব কালীমন্দিরের সেবায়েত কালীপদ চক্রবর্তীর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে রাজু তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনার পরের দিন কালীপদের ভাই টুলু চক্রবর্তী ভৈরব থানায় রাজু ও মুরাদ মিয়া নামের দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।