হত্যা মামলায় একই বাড়ির সাতজনের যাবজ্জীবন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর হত্যা মামলায় দুই ভাইসহ একই বাড়ির সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মধ্যম একলাশপুর গ্রামের পাটোয়ারী বাড়ির ওমর ফারুক, শওকত আলী, ই আ নাসরুল্লাহ ওরফে ইকবাল হোসেন, ইয়াছিন আরাফাত, মো. ইদ্রিস ওরফে রবি, আবু বকর সিদ্দিক ও জামাল হোসেন। এঁদের মধ্যে ইয়াছিন আরাফাত ও মো. ইদ্রিস দুই ভাই। আসামিদের মধ্যে ইয়াছিন, ইদ্রিস ও আবু বকর পলাতক।
মামলার বিবরণে সূত্রে জানা গেছে, ছোট বোনের সঙ্গে সম্পর্কের জের ধরে ২০০৬ সালের ১৫ জুন রাতে একলাশপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ইকবাল হোসেনকে (২০) বাড়ি ফেরার পথে উঠিয়ে নিয়ে যান আসামি ইয়াছিন ও ইদ্রিস। ওই দিন রাতভর ও পরদিন সকাল পর্যন্ত তাঁকে পাটোয়ারী বাড়ির সামনে বেঁধে বেদম মারধর করা হয়। একপর্যায়ে ইকবালের মৃত্যু হয়। এরপর বেগমগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় ইকবালের মা রওশন আরা আক্তার বাদী হয়ে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু একজন আসামির মৃত্যু হওয়ায় শুনানি শেষে আজ আদালত সাতজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।