হত্যা মামলায় চকরিয়ার পৌর মেয়র ও এক কাউন্সিলর কারাগারে
তিন বছর আগের একটি হত্যা মামলায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন তাঁরা। বিচারক মাহমুদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নুরুল ইসলাম চকরিয়া পৌর বিএনপির সভাপতি এবং নুরুল আমিন যুগ্ম সম্পাদক। এই দুই নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল বেলা একটায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। পুলিশ মিছিলে বাধা দেয় ও লাঠিপেটা করে বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। এ সময় দুই নেতাকে আটক করা হয়। তাঁরা হলেন চকরিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ও চকরিয়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন।
পৌর মেয়রের আইনজীবী গোলাম সরওয়ার প্রথম আলোকে বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে বাদশা হত্যা মামলায় ২০১৩ সালের ২৩ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বিএনপির নেতা নুরুল ইসলাম ও নুরুল আমিন। চলতি বছরের ১৬ এপ্রিল আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৩ সালের অক্টোবর মাসে সাইফুল ইসলাম গুলিতে নিহত হন।
চকরিয়া পৌর যুবদলের সাবেক সভাপতি আকতার ফারুখ বলেন, ‘বিনা উসকানিতে পুলিশ মিছিলে হামলা করে ছাত্রদল ও শ্রমিক দলের দুই নেতাকে আটক করে নিয়ে গেছে। এমন পরিবেশে বাস করছি, মিছিল-সমাবেশও করা যাচ্ছে না।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, নাশকতার আশঙ্কা থাকায় মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।