হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী নাছির খালাস

২০ বছর আগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় বেকসুর খালাস পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিনসহ ১৩ জন। আজ বুধবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ রায় ঘোষণা করেন।
সাক্ষীরা ঘটনা সম্পর্কে মুখ না খোলায় আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যায়নি বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি।
খালাস পাওয়া বাকি আসামিরা হলেন শওকত হোসেন, হারুন অর রশিদ, আহসানুল আজাদ, মো. শাহাবুদ্দীন, মো. কুদ্দুস, নুরুল ইসলাম, মো. ইবরাহীম, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, আবদুল মান্নান ও কাজী ওসমান গণি। এ ছাড়া র্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে ২০০৪ সালে নিহত হওয়ায় দুই আসামি মো. এয়াকুব ও হুমায়ুন কবিরকে অব্যাহতি দেওয়া হয়। তবে এ মামলায় খালাস পেলেও আরও ১৯টি মামলা বিচারাধীন থাকায় চট্টগ্রাম কারাগারে আটক রয়েছেন নাছির।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, মামলার ২১ জন সাক্ষীর মধ্যে নয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার বাদী ছাড়া কোনো সাক্ষী ঘটনা সম্পর্কে আদালতে সাক্ষ্য দেননি। এর মধ্যে তিন সাক্ষীকে বৈরী ঘোষণা করেন আদালত। ২০০৩ সালের সেপ্টেম্বরে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। কিন্তু আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলার কার্যক্রম ১২ বছর বন্ধ থাকে। ২০১৪ সালের সেপ্টেম্বরে স্থগিতাদেশ প্রত্যাহার হলে কার্যক্রম শুরু হয়। বিচার বিলম্বিত হওয়ায় মামলার গুরুত্বপূর্ণ অনেক সাক্ষী মৃত্যুবরণ করেন। বিদেশে চলে যান কেউ কেউ। যাঁরা দেশে রয়েছেন তাঁরা চলাফেরায় অক্ষম হওয়ায় সাক্ষ্য দিতে আসতে পারেননি। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে তিনি জানিয়েছেন।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মামলার বাদী ও নিহতের বড়ভাই আজিজ উদ্দিন কাঁদতে কাঁদতে প্রথম আলোকে জানান, ২০ বছরেও ভাই হত্যার বিচার পাননি। আসামিদের ভয়ে সাক্ষীরা আদালতে মুখ খোলেননি। এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯৪ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজ উদ্দিন বাদী হয়ে দুই দিন পর নগরের পাঁচলাইশ থানায় নাছিরসহ ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৫ সালের ১৯ ফেব্রুয়ারি তদন্ত শেষে নাছিরসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০০ সালের ২৩ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নাছির সাংবাদিকদের বলেন, ‘আমি নির্দোষ ছিলাম। তাই খালাস পেয়েছি।’
এদিকে নাছিরের মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশও। সকালে নাছিরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বিকেলে তাঁকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।