হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. আমজাদ হোসেন (৪০) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অতিরিক্ত জায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজা পাওয়া তিনজন হলেন দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের সাহেব আলী, কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের হাছু ও ফুলপুর গ্রামের জালাল। এঁদের মধ্যে প্রথম দুজন পলাতক।

মামলার অপর তিন আসামি রশিদ ঢালী, মালেক ও বাহার উদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯৮ সালের ১২ জানুয়ারি সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল আটটার মধ্যে কোনো এক সময় আসামিরা দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর উত্তর পাড়ের নদীর চরে মো. আমজাদ হোসেনকে হত্যা করে লাশ ফেলে যান।
ঘটনার পরের দিন আমজাদের ছেলে কামাল হোসেন বাদী হয়ে ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। প্রায় ১৭ বছর পর আজ এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আবদুল কাদির ভুইয়া।