হত্যা মামলার আসামি ক্লাসে, পুলিশ বলছে পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জগৎজ্যোতি তালুকদার হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি এহসানুল করিম। তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী হিসেবে ক্লাস করে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের কাছে তিনি পলাতক।খোঁজ নিয়ে জানা গেছে, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এহসানুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। নিয়মিত বিভাগে যাচ্ছেন। সর্বশেষ গত রোববার বেলা তিনটা থেকে ‘সিইই-১২৫১’ শিরোনামের ক্লাসে অংশ নিয়েছেন তিনি। ওই ক্লাসটি নেন বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক আকতারুল ইসলাম চৌধুরী। বিভাগের একাধিক সূত্র এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছে।যোগাযোগ করা হলে অধ্যাপক আকতারুল ইসলাম চৌধুরী প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘এহসানুলের উপস্থিতির ব্যাপারে আমি আপনাকে কোনো তথ্য দেব না। মামলার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। শিক্ষক হিসেবে আমার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া আমার জন্য দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘কে কখন ক্লাসে আসে তা আমার মাথায় নেই।’ কিন্তু ক্লাসে উপস্থিতির ওপর নম্বর রয়েছে এবং প্রত্যেকের উপস্থিতি নিবন্ধন খাতায় তা লিপিবদ্ধ করার নিয়ম রয়েছে জানালে তিনি বলেন, ‘আমি আপনাকে এ তথ্য দেব না।’ হত্যা মামলার আসামির ক্লাসে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক জহির বিন আলম বলেন, ‘এহসানুল হত্যা মামলার আসামি হওয়ায় বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরকে লিখিতভাবে জানিয়েছি।’জগৎজ্যোতি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল হোসাইন বলেন, ‘এহসানুল করিম জগৎজ্যোতি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশের তালিকায় সে পলাতক। পুলিশ জগৎজ্যোতি হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’ সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদার হত্যার ঘটনায় ৫ মার্চ রাতে সিলেট কোতোয়ালি থানায় জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়।