হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চর ভূতা গ্রামের আবু তাহের হত্যা মামলার আসামি জহির উদ্দিন, সিরাজ ও সেলিম গং মামলার বাদী নিহতের স্ত্রী নাসরিন আক্তার ও তাঁর স্কুলপড়ুয়া ছাত্র তানভির হাসান ও তানজিল হাসানকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে নাসরিন আক্তার তাঁর স্কুলপড়ুয়া দুই ছেলের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। পরিবার-পরিজন নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নাসরিন আক্তার জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালের নভেম্বর মাসে তাঁর স্বামী ভবানীগঞ্জ ইউয়িনের ভূমি অফিসের কর্মচারী মো. আবু তাহেরকে নৃশংসভাবে জহির ও তাঁর সন্ত্রাসী বাহিনী হত্যা করে। এ ঘটনায় জহির উদ্দিন, সিরাজ, সেলিম, আলমগীর, মনোয়ারা বেগম, ইব্রাহিম ও জসিমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করা হয়। পুলিশ মনোয়ারা বেগম, জহির উদ্দিন, সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন ও আলমগীরকে গ্রেপ্তার করার পর তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবু তাহেরকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন। সাত মাস জেল খাটার পর আসামিরা হাইকোর্ট থেকে জামিনে এসে তাঁকে ও তাঁর দুই ছেলেকে হুমকি দিচ্ছেন। এর পর থেকে আসামিদের হুমকির ভয়ে দুই ছেলে নিয়মিত স্কুলে যেতে পারছে না। এ ব্যাপারে ১০ এপ্রিল লক্ষ্মীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই ফররুখ আহম্মদ মিনহাজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, থানায় অভিযোগ করা হলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। ঘটনার সত্যতা থাকলে আসামিদের জামিনও বাতিল হবে।