হত্যা মামলার আসামি পিস্তলসহ গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে মেধাবী ছাত্র শাহ শিখাইয়া বিন রোজ হত্যাসহ ছয়টি মামলার ফেরারি আসামি রাসেলকে (২৫) গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার মিরপুরের পল্লবী থানাধীন সবুজ বাংলা আবাসিক এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিনসহ তাকে গ্রেপ্তার করেছে।
জামালপুরের ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মেধাবী ছাত্র রোজ হত্যা, অটোরিকশাচালক হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসসহ ছয়টি মামলার ফেরারি আসামি রাসেল দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গতকাল সকাল আটটার দিকে সবুজ বাংলা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৫ মার্চ রাতে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার গেটের সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র শাহ শিখাইয়া বিন রোজকে গুলি করে খুন করে সন্ত্রাসীরা। ঘটনার পরদিন রোজের বাবা শামছুল হক ইসলামপুর থানায় রাসেলের নামে একটি হত্যা মামলা করেন। এ ছাড়া সে ২০১৩ সালে অটোরিকশাচালক হারুনুর রশিদ হত্যাকাণ্ডের অভিযোগপত্রভুক্ত আসামি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসসহ ছয়টি মামলা রয়েছে।
জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, রাসেল শীর্ষ সন্ত্রাসী শাহাদৎ গ্রুপের সক্রিয় সদস্য। সে মাঝেমধ্যে এলাকায় এসে বিভিন্ন অপকর্ম করে পালিয়ে যেত। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।