হত্যা মামলার আসামিকে ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার চরখণ্ড গ্রামের নবীন একটি হত্যা মামলার আসামি। গত শনিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কিন্তু ১৫ ঘণ্টা পর অর্থের বিনিময়ে পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধামরাই থানা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জুনে ধামরাইয়ের নান্দেশ্বরী গ্রামের মোন্নাফ আলীর ছেলে কবীর হোসেন (১৮) নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে মোন্নাফ আলী ওই বছর ধামরাই থানায় একটি মামলা করেন। হত্যার পর লাশ গুম করার অভিযোগে করা ওই মামলায় নবীনসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম শনিবার রাতে নবীনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। কিন্তু আইন অনুযায়ী আদালতে সোপর্দ না করে রোববার বিকেলে নবীনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। কবীরের মা সুফিয়া বেগম ও তাঁর আত্মীয়স্বজনের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে থানা থেকেই ছেড়ে দিয়েছেন। এসআই মো. আতিকুল ইসলাম ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’