হত্যা মামলার আসামিদের ছেড়ে দিলেন ওসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জের লতিফ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর দুই ঘণ্টা থানাহাজতে আটকে রেখে আওয়ামী লীগের নেতার সুপারিশে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার বালিয়াডাঙ্গা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের হামজা গাজীর ছেলে এরশাদ আলী (২৭) ও একই গ্রামের মাজেদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম (২২)।উপজেলার কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, নেঙ্গী গ্রামের ঘেরমালিক আবদুল লতিফ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি এরশাদ আলী ও সিরাজুল ইসলামকে গতকাল বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল্লাহ খান বালিয়াডাঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের কিছুক্ষণ ইউনিয়ন পরিষদে আটক রাখার পর উপপরিদর্শক লস্কর জায়াদুল হকের নেতৃত্বে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়। সেখানে দুই ঘণ্টা আটক রাখার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান আসাদুর রহমানের সুপারিশে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফরিদউদ্দিন তাঁদের ছেড়ে দেন।এ ব্যাপারে কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের তিনি ছেড়ে দেওয়ার জন্য কাউকে সুপারিশ করেননি।কালীগঞ্জ থানার উপপরিদর্শক লস্কর জায়াদুল হক এজাহারভুক্ত দুই আসামিকে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন তাঁদের আটক করে উপপরিদর্শক শফিকুল্লাহ খানের কাছে সোপর্দ করেন। তাঁদের বিরুদ্ধে এজাহার হলেও প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। তাঁদের রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে। তিনি বলেন, কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান ছেড়ে দেওয়ার সময় থানায় ছিলেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফরিদউদ্দিন জানান, দুই আসামিকে জামিন দেওয়া হয়েছে কৃষ্ণনগর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কুমার ঘোষের জিম্মায়। ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হবে—এ শর্তে জামিন দেওয়া হয়েছে।কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী সাপমারা খালের পার্শ্ববর্তী নিজস্ব চিংড়িঘেরে গত ১৮ মে গভীর রাতে মারধরের পর মালিক আবদুল লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে।