হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার পর আসামিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বাদীপক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার বাঘাইয়া গ্রামের মঞ্জু ভূঁইয়া ও তবারক হোসেন ভূঁইয়া পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মঞ্জু ভূঁইয়ার ভাতিজা হুমায়ুন নিহত হয়। পরের দিন মঞ্জু ভূঁইয়া বাদী হয়ে ৫২ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় মামলা করেন। এরপর তবারক হোসেনের লোকজন পালিয়ে যায়। এ সুযোগে মঞ্জু ভূঁইয়ার লোকজন তবারক হোসেনের ইটভাটা ও তাঁর পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়েছে। তবারক হোসেন অভিযোগ করেন, ৫ ও ৬ ডিসেম্বর এবং সর্বশেষ গত শুক্রবার তাঁর মালিকানাধীন মেসার্স আয়শা ব্রিকফিল্ডে হামলা চালিয়ে ৬০০ টন কয়লা, সাতটি ডিজেল ইঞ্জিন, ৫০টি রেজার গাড়ি, সৌরবিদ্যুৎ প্লান্টসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে যায়। এ ছাড়া পুড়িয়ে দেওয়া হয় ৫০ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রাক্টর। নষ্ট করে দেওয়া হয় ২৫ লাখ টাকার কাঁচা ইট। এ ব্যাপারে গত শনিবার তিনি অষ্টগ্রাম থানায় অভিযোগ দাখিল করেছেন।গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, ওই ইটভাটার কয়লা, টায়ার ও পলিথিন থেকে ধোঁয়া উঠছে। ওই মামলার আরেক আসামি আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, তিনি পালিয়ে থাকায় বাদীপক্ষের লোকজন তাঁর বাড়িতে হামলা চালিয়ে প্রায় সব আসবাব নিয়ে গেছে। এ ছাড়া পলাতক আরও ১০ জনের বাড়িতে হামলা করা হয়। অষ্টগ্রাম থানার ওসি আমজাদ হোসেন জানান, হামলা-লুটপাটের অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও মঞ্জু ভূঁইয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।