হত্যা মামলার আসামির আওয়ামী লীগে যোগদান
হত্যা ও নাশকতার অভিযোগে করা অন্তত চারটি মামলার আসামি ও বিএনপি-সমর্থিত সাভার পৌরসভার ১ নম্বর ওয়াডের্র কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা আওয়ামী লীগে যোগ দিয়েছেন৷
এ উপলক্ষে গত বুধবার রাতে পৌরসভার জামসিং এলাকায় মিনহাজের বাসায় ভূরিভোজের আয়োজন করা হয়৷ এতে যোগ দেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এনামুর রহমান, দলীয় নেতা-কর্মী ও সাভার মডেল থানা পুলিশের কর্মকর্তারা৷
মিনহাজ একটি মামলায়ও জামিন পাননি বলে ঢাকার বিচারিক হাকিম আদালতের বিশ্বস্ত একিট সূত্র নিশ্চিত করেছে৷ এদিকে হত্যাসহ একাধিক মামলার আসামির আওয়ামী লীগে যোগদান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা৷
মামলা থেকে রেহাই পেতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন কি না, জানতে চাইলে মিনহাজ উদ্দিন বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম৷ আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংসদ এনামুর রহমানের হাত ধরে ওই দলে যোগ দিয়েছি, মামলার কারণে নয়৷’ তিনি দাবি করেন, তাঁর জন্মদিন উপলক্ষে ভোজের আয়োজন করা হয়৷ মামলাগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন নেয়ছেন৷
গত ২৭ এপ্রিল সাভারের এক জনসভায় আওয়ামী লীগে লোক নেওয়া সম্পর্কে দলের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, ‘এখন অনেকেই আসবেন, আপনারা দেখেশুনে নেবেন৷’ কিন্তু মন্ত্রীর ওই বক্তব্যের এক সপ্তাহের মাথায় মিনহাজ গত শনিবার সাংসদ এনামুরের বাসায় গিয়ে আওয়ামী লীগে যোগ দেন৷ এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন সাংসদ৷
সাভার মডেল থানা সূত্রে জানায়, গত বছরের ৩ ডিসেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পোল এলাকায় বাস ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার সময় দুই যাত্রী লাফিয়ে পড়ে আহত হন৷ পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁরা মারা যান৷ এ ব্যাপারে সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম মামলা করেন৷ ওই মামলায় অন্যান্যের সঙ্গে মিনহাজ উদ্দিনকেও আসামি করা হয়৷
এর আগে ৩০ নভেম্বর সাভার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকায় গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাভার থানায় মামলা করেন এসআই রফিকুল ইসলাম৷ এই মামলায়ও মিনহাজকে আসামি করা হয়৷ এ ছাড়া বিস্ফোরণের সাহায্যে গাড়িতে অগ্নিসংযোগের দুটি ঘটনায় গত বছরের ২৭ অক্টোবর ও ১২ নভেম্বর করা দুটি পৃথক মামলায়ও মিনহাজকে আসামি করা হয়৷ মিনহাজের আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে দলের ঢাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী বলেন, ‘আমাদের দলে নেতা-কর্মীর অভাব পড়েনি যে হত্যাসহ নাশকতার মামলার আসামিদের দলে ভেড়াতে হবে৷’ তিনি বলেন, ‘দলের চেইন অব কমান্ড ভেঙে গেছে৷ কে কার মাধ্যমে দলে যোগদান করছেন, আমরা জানি না৷’
সাভারে আওয়ামী লীগের আরেকজন নেতা বলেন, দলীয় সিদ্ধান্ত ছাড়া সাংসদ এনামুর রহমান বিতর্কিত লোকজনকে দলে ভিড়িয়ে দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছেন৷ এনামুর রহমান বলেন, ‘অনেক দিন ধরেই মিনহাজ আওয়ামী লীগে যোগদানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করছিলেন৷ তাই তাঁকে দলে নেওয়া হয়েছে৷ তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, আমার জানা ছিল না৷’