হত্যা মামলার আসামির বাড়িতে সাংসদ!
ময়মনসিংহের নান্দাইলে স্থানীয় সাংসদ গত বুধবার হত্যা মামলার আসামি শ্রমিক লীগের এক নেতার বাড়িতে যান। এ নিয়ে সাংসদ তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করে বলেন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সশস্ত্র সমর্থকেরা গত ২০ নভেম্বর তাঁর (সিরাজুল) বড় ভাই আবুল মনসুর ভূঁইয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় তিনি বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে ২২ নভেম্বর নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার ৩ নম্বর আসামি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা সরকার।
থানা সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা সরকার ওই মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাংসদ আনোয়ারুল আবেদিন খান গত বুধবার বিকেলে পৌরসভার চারিআনিপাড়া এলাকায় গোলাম মোস্তফার বাড়িতে যান। ওই নেতার মাকে সান্ত্বনা দিয়ে কিছু সময় তিনি সেখানে কাটান। সাংসদের ওই বাড়িতে অবস্থানের একাধিক ছবি পরে ফেসবুকে সাংসদের নিজের পেজে পোস্ট করা হয়। এর পর থেকে ঘটনাটি নিয়ে চারদিকে সমালোচনা শুরু হয়।
সিরাজুল ইসলাম বলেন, তাঁর ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। তারপর মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। এখন সাংসদ নিজে হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গেলেন।
এ ব্যাপারে সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, একটি ওয়াজ মাহফিলে যাওয়ার পথে এক বৃদ্ধা নারীকে কাঁদতে দেখে তিনি গাড়ি থামান। ওই বৃদ্ধা তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যান। মানবিকতার খাতিরে তিনি বৃদ্ধাকে ঘরে পৌঁছে দিয়েছেন। বিচারে দোষী সাব্যস্ত হলে গোলাম মোস্তফার শাস্তি হবে, তাতে তাঁর কী।