হত্যা মামলার আসামির মৃত্যু নিয়ে রহস্য
জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচর গ্রামের আবদুল করিম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে পরিবারের লোকজন শেরপুর সদর উপজেলার কামারেরচর এলাকার একটি ধানখেতের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, আবদুল করিম একটি হত্যা ও দুটি ধর্ষণ মামলার পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
নিহত ব্যক্তির স্ত্রী এলিনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্বামী পলাতক ছিলেন। বুধবার রাত ১০টার দিকে ফোন আসে, তাঁর স্বামীর লাশ ধানখেতের রাস্তায় পড়ে রয়েছে। তাঁরা সেখান থেকে লাশটি বাড়িতে নিয়ে আসেন। মৃত্যুর কারণ সম্পর্কে তিনি জানান, আবদুল করিম দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এতে দুর্বল হয়ে দুশ্চিন্তায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম বলেন, ‘শুনেছি আবদুল করিম নাকি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অন্য কোনো অভিযোগ পাওয়া যায়নি।’