নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় চার নেতা-কর্মীসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ৯ নম্বর আসামি মহিদুল ইসলামের (২৬) লাশ শনাক্ত করেছেন তাঁর স্বজনেরা। গতকাল মঙ্গলবার তাঁর ছবি দেখে স্বজনেরা লাশ শনাক্ত করেন।
মহিদুল ইসলাম নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের সদস্য ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাতনামা লাশ হিসেবে দাফনের প্রায় ৩২ দিন পর গতকাল নীলফামারী সদর থানায় পাঠানো ছবি দেখে শিবিরের নেতা নিখোঁজ মহিদুলের লাশ শনাক্ত করেছে তাঁর পরিবার।
গত বছরের ১৪ ডিসেম্বর বিকেলে জেলা সদরের রামগঞ্জ বাজারে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালায় জামায়াত-শিবির ও বিএনপি। ওই হামলায় আওয়ামী লীগের চারজন নেতা-কর্মী নিহত হন। ওই ঘটনায় নিহত টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলমের ভাই রাশেদ আলম চৌধুরী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার ৯ নম্বর আসামি ছিলেন মহিদুল।
মহিদুলের স্বজনেরা জানান, ওই ঘটনার পর থেকে মহিদুল ও তাঁর বন্ধু আতিক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেবিডুবা গ্রামে সাথিয়া স্কুলের পাশে বাবুল খানের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গত ১৩ জানুয়ারি রাতে কয়েকজন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মহিদুল ও আতিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর তাঁরা বিভিন্ন থানায় খোঁজ নিয়ে তাঁদের কোনো সন্ধান পাননি।