হত্যা মামলার আসামিসহ তিন জেলায় তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে গতকাল শুক্রবার হত্যা মামলার এক আসামিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন নাটোর সদর উপজেলায় এক টাকা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত বৃহস্পতিবার এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শহরের ইমরান হত্যা মামলার আসামি রায়হান আলীকে (৩৫) গতকাল দুপুরে হত্যা করা হয়েছে। রায়হান শহরের ঠনঠনিয়া এলাকার শাজাহান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর দক্ষিণপাড়ায় কয়েকজন তরুণের সঙ্গে রায়হানের ঝগড়া হয়। একপর্যায়ে তরুণেরা তাঁকে টেনেহিঁচড়ে করোতোয়া নদীর তীরে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যান। পরে খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রায়হানের মামা শহিদুল ইসলাম জানান, রায়হানের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ ছিল। তা ছাড়া সম্প্রতি বগুড়া শহরের অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানির কর্মচারী ইমরান হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে রায়হানের বিরোধ ছিল। তিনি (রায়হান) ইমরান হত্যা মামলার আসামি। এ কারণে বেশ কিছুদিন ধরে রায়হান তাঁর বাড়ি মালতিনগরে ছিলেন। তবে কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তিনি জানেন না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নাটোর: সদর উপজেলার ঢালান বাজারের ব্যবসায়ী মহসিন আলীকে (২২) হত্যা করা হয়েছে। গতকাল ঢালান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সদর উপজেলার নারায়ণপাড়া গ্রামের সোহাগ (২২) ও রাজনকে (২০) আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে সোহাগ ও রাজন মহসিন আলীর দোকানে মুঠোফোনে ২০ টাকা ফ্ল্যাক্সি লোড করতে যান। এ সময় এক টাকা কমিশন কেটে নেওয়ায় মহসিনের সঙ্গে তাঁদের বচসা হয়। এর কিছুক্ষণ পর দোকানের বাইরে এলে তাঁরা রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দুজন থানা হেফাজতে আছেন।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজারে বৃহস্পতিবার সালাহ উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ধোবড়া গ্রামের লাল মোহামঞ্চদের ছেলে এবং বিএনপির শাহবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে কানসাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সালাহ উদ্দিন। ধোবড়া বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁকে সাইকেল থেকে নামিয়ে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।