ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে অর্ধডজন হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি মেজবাউল হায়দার চৌধুরীকে নির্বাচিত করতে মাঠে সক্রিয় ফেনীর সরকারদলীয় রাজনৈতিক শক্তি। যেকোনো উপায়ে তাঁকে নির্বাচিত করার উদ্যোগ চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
নির্বাচন নিয়ে ভোটারদের ‘অনাগ্রহ’ আর বহিরাগত সন্ত্রাসী জড়ো করার পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ সোমবার এই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, নির্বাচনের দিন প্রভাব বিস্তার করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহিরাগত ব্যক্তিদের জড়ো করা হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রভিত্তিক দায়িত্বও বণ্টন করে দেওয়া হয়েছে। এ জন্য আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা একে অপরকে দায়ী করেছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী নুর আহমঞ্চদ মজুমদার গতকাল রোববার সংবাদ সমেঞ্চলনে কয়েক হাজার বহিরাগত সন্ত্রাসী জড়ো করার অভিযোগ করেছেন। পাশাপাশি ভোটের আগের ‘ভোট ডাকাতির’ আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। নিরাপত্তাহীনতার আশঙ্কায় শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী ওরফে সোহেল পাল্টা অভিযোগ করে বলেন, সন্ত্রাসের মাধ্যমে জয়ের আশায় বিএনপি-সমর্থিত প্রার্থী সারা দেশ থেকে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের ছাগলনাইয়ায় জড়ো করছেন।
অন্যদিকে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও পুলিশ বলছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য উপজেলার নির্বাচনের চেয়ে ছাগলনাইয়ায় সর্বাধিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ। তিনি প্রথম আলোকে বলেন, সার্বক্ষণিক নিরাপত্তায় এবার প্রতিটি কেন্দ্রে চারজন করে পুলিশ নিয়োজিত করা হয়েছে। এ ছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৯টি বিশেষ দল গঠন করা হয়েছে। এর বাইরে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের বিশেষ দল মাঠে থাকবে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহামঞ্চদ এনামুল হক জানান, উপজেলার ৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। এ ছাড়া দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন নুর আহমঞ্চদ মজুমদার।
এদিকে দক্ষিণ আফ্রিকার পলাতক জীবন থেকে ফিরে এসে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মেজবাউল হায়দারের দলীয় সমর্থন আদায় করা নিয়ে উপজেলার তৃণমূল আওয়ামী লীগের মধ্যে চরম অসন্তোষ রয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে অসন্তোষের বিষয়টি জানা গেছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হননি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহামঞ্চদ চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেও দলীয় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নেন। জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আশীর্বাদপুষ্ট হয়ে দলীয় সমর্থন পেয়েছেন মেজবাউল হায়দার।
ফেনীর একসময়কার সন্ত্রাসের গডফাদার জয়নাল হাজারীর কথিত ক্লাশ কমিটির সদস্য মেজবাউল হায়দার ওরফে সোহেল। সে সময় নানা অপকর্মের জন্য সোহেল ও রাসেল নামের জুটি এলাকায় বেশ আলোচিত ছিল। তাঁদের মধ্যে সোহেলের বিরুদ্ধে হত্যাসহ এক ডজনের বেশি মামলা ছিল। ২০০১ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর এই জুটি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন সোহেল। পরে মামলা থেকে অব্যাহতি ও খালাস পেয়ে যান। ২০১২ সালে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আর ২৩ বছর ধরে উপজেলা বিএনপির সভাপতির পদে থাকা নুর আহমঞ্চদ মজুমদার নির্বাচনে লড়ছেন নিজের অবস্থান ধরে রাখতে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী এলাকার এই উপজেলা বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত।