সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার চার আসামিকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। এঁরা হলেন মোজাম্মেল হক, আতিকুর রহমান, রেজ্জাক খান ও আমিনুল ইসলাম।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল এই চারজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারিক হাকিম মো. আল আমিন জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিনের শুনানিতে এই চারজনের পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামিদের জামিন দেওয়া হলে পালাবেন না।
রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলেন, এই হত্যা মামলায় চলতি বছরের ১ জুন ২৪ জনকে পলাতক দেখিয়ে ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২১ ডিসেম্বর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিদের জামিন দেওয়া হলে পালানোর সম্ভাবনা আছে। সাক্ষীকে প্রভাবিত করতে পারেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে এই চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক পোশাকশ্রমিক প্রাণ হারান। প্রায় দুই হাজার পোশাকশ্রমিক আহত ও পঙ্গু হয়েছেন। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় হত্যা ও ইমারত আইনে পৃথক দুটি মামলা করা হয়। সিআইডি তদন্ত শেষে হত্যা মামলায় রানা প্লাজার কর্ণধার সোহেল রানাসহ ৪১ জনকে এবং ইমারত আইনের মামলায় ১৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ইমারত নির্মাণ আইনের মামলার অভিযোগপত্রও আদালত গ্রহণ করেছেন। ১৭ জন উভয় মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
এ দুই মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে পাঁচজন সরকারি কর্মকর্তা রয়েছেন। তাঁদের চারজনই হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত। তাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এঁদের আসামি করার বিষয়ে মন্ত্রণালয় অনুমতি দেয়নি। চারজনের মধ্যে তিনজন শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের এবং একজন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা। তাঁদের একজন ইতিমধ্যে অবসরে চলে গেছেন।