রাজশাহীতে মালদ্বীপের মডেলকন্যা রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় তাঁর বাবার দায়ের করা হত্যা মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শাহ মখদুম থানা থেকে মামলাটি রাজশাহী সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজশাহী সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান এই তথ্য নিশ্চিত করেছেন। নাজমুল করিম খান প্রথম আলোকে বলেন, রাজশাহী সিআইডির পরিদর্শক আসমাউল হককে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। আসমাউল মামলার কাগজপত্র বুঝে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে গতকাল যোগাযোগ করেছেন। নাজমুল করিম বলেন, ‘আমরা ইতিমধ্যে ময়নাতদন্ত প্রতিবেদনসহ মামলা-সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছি। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের মতো কোনো আলামত আমরা পাইনি। আত্মহত্যা হলেও কেউ প্ররোচিত করেছে কি না, কারও সংশ্লিষ্টতা আছে কি না সেগুলো আমরা খতিয়ে দেখব। হত্যাকাণ্ডের মতো কোনো আলামত পাওয়া যায় কি না, তাও আমরা দেখব।’ তিনি বলেন, ‘রাউধা একজন জনপ্রিয় মডেল ছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি জড়িত। তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করব।’
রাউধার মৃত্যুর ঘটনায় গত সোমবার রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে তাঁর বাবা হত্যা মামলার আবেদন করেন। আদালতের বিচারক সাইফুল ইসলাম আবেদনটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য রাজশাহী নগরের শাহ মখদুম থানা-পুলিশকে নির্দেশ দেন। গত মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশনা পেয়ে শাহ মখদুম থানার পুলিশ সেটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে। মামলায় রাউধার সহপাঠী সিরাত পারভীন মাহমুদকে একমাত্র আসামি করা হয়েছে।
গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ।