হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গৃহবধূ মলিনা বেগমকে স্বামীর বাড়িতে পুড়িয়ে মারার অভিযোগে মামলা দায়েরের দুই মাসেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উপরন্তু হত্যা মামলাটি আপস-মীমাংসার জন্য বাদীপক্ষকে চাপ দিচ্ছে পুলিশ—এমন অভিযোগ ওঠায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার আগের তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র অধিকারী বাদী ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের শোলাকুণ্ড গ্রামের আ. রহমান ও তাঁর ছেলে মো. চান খানকে মামলাটি আপস-মীমাংসার জন্য চাপ দিচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ১৫ এপ্রিল নিখিল চন্দ্র অধিকারীকে সরিয়ে একই থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কুমার কর্মকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আহমেদ তদন্ত কর্মকর্তা পরিবর্তনের সত্যতা নিশ্চিত করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি মলিনা তাঁর স্বামীর বাড়ির কাছে একটি গমখেতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরদিন তাঁর বাবা আবদুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, শ্বশুরবাড়ির লোকজন গমখেতে নিয়ে মলিনার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মামলা দায়েরের দুই মাস পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই নিখিল বলেন, মলিনার মৃত্যুর পর তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে যান। এ জন্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলার মীমাংসা বা আসামির বাড়ি থেকে কোনো প্রকার উপঢৌকন নেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘এ অভিযোগের কোনো সত্যতা নেই।’ নতুন তদন্ত কর্মকর্তা সুনীল কুমার কর্মকার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’