চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় করা তিনটি হত্যা মামলার অধিকতর তদন্ত এখনো শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলায় ১৭ মাস আগে পুলিশ অভিযোগপত্র দিলেও এখনো অভিযোগ গঠন হয়নি। আজ মঙ্গলবার তাণ্ডবের ওই ঘটনার চার বছর হতে চলেছে। বিচার শুরু হতে দেরি হওয়ায় হতাশ হয়ে পড়েছেন নিহত ব্যক্তির ব্যক্তিদের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
২০১৩ সালের ১১ এপ্রিল ভুজপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে জামায়াত, বিএনপি ও হেফাজত মিলে সহিংস তাণ্ডব চালিয়ে তিনজনকে খুন করে এবং শতাধিক ব্যক্তিকে আহত করে। নিহত ব্যক্তিরা হলেন ফারুক ইকবাল ওরফে বিপুল, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ ফোরকান। মসজিদে হামলা হচ্ছে, মাইকে এমন গুজব ছড়িয়ে সেদিন ওই মিছিলে হামলা চালানো হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুজপুর থানায় পাঁচটি মামলা হয়। এর মধ্যে তিনটি হত্যা মামলা। বাকি দুটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা।
চার বছর ধরে তাণ্ডবের ওই ঘটনা কেবল তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকায় হতাশ নিহত ব্যক্তির স্বজনের। নিহত ফোরকানের বাবা এজাহার মিয়া প্রথম আলোকে বলেন, ‘ছেলে হত্যার বিচার কবে পাব, জানি না।’
নিহত রুবেলের মামা ও মামলার বাদী জামাল পাশা বলেন, ‘প্রথমত তদন্তটা পুলিশ ঠিকমতো করেনি। আর অধিকতর তদন্ত শেষের বিষয়ে শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি আমরা।’
সেদিনের তাণ্ডবে আহত উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হক বলেন, ‘আমাদের সরকার ক্ষমতায় থাকার পরও এত বড় ঘটনার বিচার শুরু না হওয়া দুঃখজনক।’
আদালত সূত্র জানায়, তিনটি হত্যা মামলায় ২০১৪ সালের ১১ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রভুক্ত আসামিদের বেশির ভাগ জামায়াত-শিবিরের নেতা-কর্মী। পুলিশের দাখিল করা তিনটি অভিযোগপত্রের বিরুদ্ধেই আদালতে নারাজি দেন মামলার বাদীরা। শুনানি শেষে ২০১৪ সালের ১৩ আগস্ট রুবেল হত্যা মামলা, পরের বছরের ২৪ মার্চ ফোরকান হত্যা মামলা এবং একই বছরের নভেম্বরে ফারুক হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত।
তাণ্ডবের ঘটনায় করা পাঁচ মামলায় মোট আসামি করা হয়েছে ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে এজাহারে ৪৭১ জন আসামির নাম উল্লেখ রয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন ভুজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিব আহমেদ। জামিনে মুক্ত ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিব আহমেদ দাবি করেন, তাণ্ডবের ঘটনায় তাঁরা জড়িত নন।
তিনটি হত্যা মামলার মধ্যে রুবেল ও ফোরকান হত্যা মামলার তদন্ত করছেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির সরকার। গত রোববার তিনি প্রথম আলোকে বলেন, বড় ঘটনা হওয়ায় হামলাকারীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শনাক্ত করা হচ্ছে। তদন্ত শেষ পর্যায়ে। যত দ্রুত সম্ভব সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
ফারুক ইকবাল হত্যা মামলার তদন্ত করছেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক শাহজাহান খান। তিনিও বলেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে।
এদিকে ঘটনার দিন গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা বাকি দুটি মামলায় পুলিশ ২০১৫ সালের শেষের দিকে আদালতে অভিযোগপত্র দেয়। তবে এখনো অভিযোগ গঠন করা হয়নি। এ বিষয়ে চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলা দুটিতে প্রায় এক শ থেকে দেড় শ আসামি রয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, পত্রিকায় বিজ্ঞপ্তিসহ নানা আইনি প্রক্রিয়া শেষ করতে হচ্ছে। এ জন্য অভিযোগ গঠন করতে দেরি হচ্ছে।
তিনটি হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী সালামত উল্লাহ প্রথম আলোকে বলেন, প্রকৃত আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ায় তিনটি হত্যা মামলাতেই বাদীরা নারাজি দিয়েছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত অনেককে মামলায় সাক্ষী রাখা হয়নি। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যাবে না।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বলেন, প্রকৃত আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।