হত্যা মামলার তদন্তে আরও ৬০ দিন সময় চেয়েছে সিআইডি
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অধিকতর তদন্তের সময় আরও ৬০ দিন বাড়ানোর আবেদন করেছে সিআইডি।তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের করা আবেদন গতকাল রোববার আদালতে দাখিল করেন মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। এ ব্যাপারে আজ সোমবার শুনানির দিন ধার্য করেছেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।এ ছাড়া আজ এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।সিআইডির সময় বাড়ানোর আবেদনে বলা হয়, ঘটনায়স্থল থেকে উদ্ধার করা গ্রেনেড কেন ধ্বংস করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসা করা বাকি আছে। প্রশিক্ষণ পাওয়া কাশ্মীরি জঙ্গি আবদুল মজিদ ভাট পাকিস্তান থেকে গ্রেনেড সংগ্রহ করেন। তাঁর সহযোগীদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে। আবদুল মজিদের সহযোগী গোলাম মোহাম্মদ ওরফে আবদুল মালেক মামলা-সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। র্যাবের গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তা মেজর মো. আতিকুর রহমান আদালতে জবানবন্দি দিয়েছেন, যা যাচাইবাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অধিকতর তদন্তের জন্য সময় বাড়ানো প্রয়োজন।এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অধিকতর তদন্তের সময় আগামী ৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন আদালত। ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উভয় মামলার অধিকতর তদেন্তর আদেশ দেন।