হত্যা মামলার প্রধান আসামি ক্রীড়া সংস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের নেতা মনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি মঞ্জুর হোসেনকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক করা হয়েছে। মনুর পরিবারের অভিযোগ, বিচার বাধাগ্রস্ত করতেই মঞ্জুরকে ওই পদে বসানো হয়েছে।
থানার পুলিশ ও নিহত মনু মিয়ার পরিবারের সদস্যরা জানান, চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মনু মিয়াকে গত ১৩ মার্চ রাস্তায় ফেলে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ মার্চ রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় মনু মিয়ার ভাগনে মো. নাদিম বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মঞ্জুর হোসেনকে প্রধানসহ ১০ জনকে আসামি করা হয়।
মঞ্জুর জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহর ছেলে। মঞ্জুর এবার উপজেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী হতে চান।
উপজেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা যায়, গত ১ জুন উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি অনুমোদন পায়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান এবং ক্রীড়া সংস্থার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী এর অনুমোদন দেন। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করা হয়েছে। সহসভাপতির পদে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মঞ্জুরের বাবা শহিদ উল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ইউএনও, থানার ওসিসহ প্রশাসনের সাতজন কর্মকর্তা রয়েছেন। কমিটির অন্য সদস্যরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী।
কমিটির সভাপতি ভারপ্রাপ্ত ইউএনও শরিফুল ইসলাম বলেন, নতুন কমিটির দেওয়া তালিকা অনুযায়ী মঞ্জুর হোসেন নামের একজনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই কমিটির প্রথম সভা হয়। সেই সভায় মঞ্জুর ছিলেন না।
নিহত মনু মিয়ার স্ত্রী সামছুন নাহার বলেন, ‘হত্যা মামলার প্রধান আসামি মঞ্জুর হোসেন এখন ইউএনও ও ওসির সঙ্গে বসে সভা করবেন। আর তা আমাদের দেখতে হবে। বিষয়টি নিয়ে আমরা হতাশ।’ তিনি অভিযোগ করেন, এখনো পুলিশ মামলাটি তদন্ত করছে। কমিটিতে থাকলে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আসামির সখ্য হবে। মামলা থেকে বাঁচাতে একটি চক্র তাঁকে ক্রীড়া সংস্থার কমিটিতে রেখেছে।
মঞ্জুরের সঙ্গে কথা বলতে এলাকায় গিয়ে জানা যায়, মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হওয়ার বিষয়ে তিনি শুনেছেন। কিন্তু মনু মিয়া হত্যার সঙ্গে তিনি জড়িত নন।