হত্যা মামলার প্রধান আসামি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের ছোটরা এলাকার বাসিন্দা নূরুল ইসলাম ওরফে আপেল হত্যা মামলার প্রধান আসামি রাসেল আহমেদ (২৬) খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে আটটায় নগরের শামবক্সী এলাকার আরকু কারখানা মোড়ে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, কুমিল্লা নগরের শামবক্সী গ্রামের রাসেল আহমেদের সঙ্গে একই এলাকার রেজাউল করিমের আধিপত্য বিস্তার নিয়ে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাসেল পিস্তল নিয়ে রেজাউলকে তাড়া করেন। এরপর ফাঁকা গুলি করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রেজাউল ৮-১০ জনের একটি দল নিয়ে গতকাল শামবক্সী সড়কের মধ্যে পাহারা বসান। রাত পৌনে আটটার দিকে রাসেল মোটরসাইকেল নিয়ে ওই পথ ধরে যাচ্ছিলেন। এ সময় রেজাউল মোটরসাইকেল থামিয়ে পেছন দিক দিয়ে রাসেলকে লাঠি দিয়ে আঘাত করেন। এরপর তাঁর পিঠে ও শরীরে কোপান। এরপর রেজাউলের সঙ্গীরা পিটিয়ে রাসেলের মৃত্যু নিশ্চিত করে। এ ব্যাপারে থানায় মামলা হয়নি।