হত্যা মামলার বাদী ভয়ে চার বছর পালিয়ে বেড়াচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বাদী। আর এ কারণেই দীর্ঘ চার বছর পর্যন্ত তিনি বাড়ি যেতে পারছেন না। হত্যা মামলার বাদী হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে এবং তাঁর ওপর হামলা করা হয়েছে। মামলা তুলে না নিলে তাঁকে শিবির কর্মী বানিয়ে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তাঁর নাম মো. জাকির হোসেন (২৫)। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা তিনি। তাঁর বাবার নাম সুনাম উদ্দিন চৌকিদার। ১৯৯৭ সালে মারা যান সুনাম উদ্দিন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে জাকির সবার ছোট। তিনি বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের বিএ (পাস) শেষ বর্ষের পরীক্ষার্থী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ আগস্ট রাজনগর গ্রামীণফোন টাওয়ারের সামনের সড়ক এলাকায় জাকির ও তাঁর ভগ্নিপতি মনির হোসেনের (৩৫) ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতাবস্থায় মনিরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান মনির।

এ ঘটনায় আহত জাকির উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে ১২ আগস্ট পটুয়াখালীর আদালতে একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় প্রধান আসামিসহ ১৪ জনকে বাদ দিয়ে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি জানালে আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য পটুয়াখালীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

জাকির হোসেন অভিযোগ করেন, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ২০১৪ সালের ১৬ অক্টোবর বগা ফেরিঘাট এলাকায় তাঁকে আটক করে নির্যাতন চালান আসামিরা। খবর পেয়ে পুলিশ তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায়ও মামলা করেন তিনি; যা বিচারাধীন। আসামিদের ভয়ে তিনি এলাকায় যেতে পারছেন না। পরীক্ষা দিতে হচ্ছে পুলিশি পাহারায়। জাকির আরও বলেন, তিনি ছাত্রলীগের সদস্য হলেও সম্প্রতি একটি গণমাধ্যমে প্রধান আসামির বক্তব্য অনুযায়ী তাঁকে কখনো শিবির কর্মী, আবার কখনো হেফাজত কর্মী বানিয়ে হয়রানি করার অপতৎপরতা চালানো হচ্ছে।

 জাকিরের মা সাফিয়া বেগম (৭০) বলেন, ‘হত্যা মামলার বাদী হওয়ার আগ পর্যন্ত আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। অথচ বাদী হওয়ার পর আমার ছেলেকে অপহরণ, ধর্ষণ ও মারামারির ছয়টি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। আসামিদের হামলা, মামলা ও হুমকির ভয়ে চার বছর পর্যন্ত আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন বাড়িতে আসতে পারছে না। আপনারা আমাকে ও আমার ছেলেকে শান্তিতে বাঁচতে দিন।’

নিহত মনিরের স্ত্রী ও জাকিরের বোন শাহিনুর বেগম (৩৪) বলেন, ‘আমার স্বামীর খুনের বিচার চাওয়া কি অপরাধ? এ কারণে আমার ভাইকে হুমকি, হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি আসামিরা হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার না করলে নাকি শিবির কর্মী বানিয়ে ক্রসফায়ারে আমার ভাইকে মেরে ফেলা হবে।’

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামশেদ বলেন, ‘জাকির উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। আওয়ামী লীগের দলীয় কোন্দলকে কেন্দ্র করে দুটি মামলায় আমার (জামশেদ) সঙ্গে আসামিও রয়েছেন জাকির হোসেন। অথচ তাঁকে শিবির কর্মী বানিয়ে হয়রানি করার অপতৎপরতা খুবই দুঃখজনক।’

এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘আমি মনির হত্যার সঙ্গে জড়িত না। অথচ আমাকে প্রধান আসামি করা হয়েছে।’