হত্যা মামলার বাদীকে আসামিদের করা চুরির মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হত্যা মামলার বাদীকে গত রোববার আসামিদের করা চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাসুদ মিয়া। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।জানা গেছে, উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর গ্রামের মুক্তা মিয়ার ছেলে আবদুল্লাহ ২০০৮ সালের ৯ মে বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের সাত দিন পর আবদুল্লাহর গলা কাটা লাশ পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বিটিবিশারা গ্রামসংলগ্ন শুকনা খাল থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবদুল্লাহর বড় ভাই মাসুদ মিয়া বাদী হয়ে ১৮ মে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে পার্শ্ববর্তী গকুলনগর গ্রামের জামাল মিয়া, দুলাল মিয়া, ইমামনগর গ্রামের লিয়াকত আলী, আবু মুছাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।মাসুদ মিয়ার স্ত্রী হোসনে আরা জানান, ‘মামলা প্রত্যাহার করার জন্য আসামিরা প্রায়ই আমার স্বামীকে হুমকি দিত ও ভয়ভীতি দেখাত। আবদুল্লাহর খুনিদের একজন লিয়াকত আলীর বড় ভাই মুজিবুর আমার স্বামীর বিরুদ্ধে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আদালতে চুরির একটি সাজানো মামলা দায়ের করেন।’এদিকে রোববার মাসুদকে গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিলে পুলিশ আবদুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু মুসাকে রোববার বিকেলে গ্রেপ্তার করে। বর্তমানে আবদুল্লাহ হত্যা মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।একাধিকবার চেষ্টা করেও চুরি মামলার বাদী মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।