হত্যা মামলার বাদীকে আসামিদের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার আসামিরা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলামকে ২০১২ সালের ২৬ মে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।সাইফুলের স্ত্রী লাকী বেগমের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সন্ত্রাসী আলাউদ্দিন, তহিরুল ইসলাম, রাসেদুল, কবির হোসেন, রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, মাজেদুল হকসহ বেশ কয়েকজন সন্ত্রাসী তাঁর স্বামীকে হত্যা করেছেন। পরে তিনি ১৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর সাদ্দাম হোসেন নামের এক আসামিকে তাঁর স্বজনেরা আটক করে পুলিশে সোপর্দ করেন।লাকী বেগম বলেন, মামলার জামিন না পাওয়া আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ রাজনৈতিক কারণে তাঁদের গ্রেপ্তার করছে না। তাঁর অভিযোগ, ‘আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে আমি সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজমিরুজ্জামান বলেন, ‘আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’