হত্যা মামলার বাদীকে মামলা দিয়ে হয়রানি!
মেহেরপুরের মুজিবনগর উপজেলার খ্রিষ্টানপল্লি ভবেরপাড়া গ্রামের সুমিতা মণ্ডল (২১) হত্যা মামলার আসামিরা বাদীর পরিবারের বিরুদ্ধে অপহরণ মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন বাদীর পরিবার ঘরছাড়া।মামলা সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি গাজীপুরে সুজন মণ্ডলের (৩০) শয়নকক্ষ থেকে সুমিতার লাশ উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার পুলিশ ওই দিন একটি অপমৃত্যু মামলা করেছিল। পরদিন তাঁর ভাই আলবার্ট বিশ্বাস থানায় সুজনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন। ২ মার্চ ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সুমিতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর পুলিশ ওই দিন হত্যার অভিযোগকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে। এদিকে ঘটনার পর থেকে সুজন পলাতক। গত ২৮ ফেব্রুয়ারি তাঁর বাবা তুষ্ট মণ্ডল বাদী হয়ে নিহত সুমিতার বাবা, মা ও তিন ভাইকে আসামি করে মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে অপহরণ মামলা করেন। সুমিতার ভাই হত্যা মামলার বাদী আলবার্ট বিশ্বাস জানান, সুমিতা ঢাকার উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে সেবিকা পদে এবং সুজন জয়দেবপুরে একটি কারখানায় কাজ করতেন। দুজনের মধ্যে প্রায় আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক জানাজানি হলে তাঁরা একসময় বিয়ের প্রস্তাব দেন সুজনের মা-বাবার কাছে। কিন্তু তাঁরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর সুজন গোপনে অন্য মেয়েকে বিয়ে করেন। তার পরও সুমিতাকে বিয়ে করবেন—এ আশ্বাস দিয়ে সুমিতার সঙ্গে সম্পর্ক চালিয়ে যান।সুমিতার মা রীনা মণ্ডল (৪২) বলেন, ‘আসামিরা পালটা মামলা করে আমাদের ঘরছাড়া করেছে। আমরা গরিব। তাই মেয়ে হত্যার বিচার চেয়ে আমরা এখন আসামি। উল্টা ছেলের পরিবার গ্রামের প্রভাবশালীদের দিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে।’আসামি সুজনের বাবা তুষ্ট মণ্ডল (৪৫) জানান, সুমিতা ঢাকায় তাঁর ছেলের ঘরে মারা গেছে, এটা সত্য। কিন্তু ঘটনার পর থেকে সুজন নিখোঁজ। ছেলের সন্ধান পেতে সুমিতার পরিবার দুই লাখ টাকা চাঁদা করেছিল। তারা সুজনকে অপহরণ করে আটকে রেখেছে।সুজনের স্ত্রী এলিজাভেদ মণ্ডল (শুকলা মণ্ডল) বলেন, ‘পাঁচ বছর আগে চট্টগ্রামে চাকরিকালে সুজন আমাকে বিয়ে করেন। আমাদের মেয়ের নাম অপর্ণা মণ্ডল। সুমিতার সঙ্গে সুজনের সম্পর্ক আছে, জানা ছিল না। আমি হিন্দুধর্ম ত্যাগ করে বিয়ে করায় পরিবারচ্যুত হয়েছি।’মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম জানান, ছুটির দিনে সুমিতা কারখানার মধ্যে সুজনের বাসায় যেত এবং রাত্রিযাপন করত। এলাকাবাসী জানত তাঁরা স্বামী-স্ত্রী। তবে ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী এটা আত্মহত্যা নয়, হত্যা।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, সুজনের বাবা ছেলেকে অপহরণের অভিযোগ এনে পালটা একটি মামলা করেছেন। এই মামলার ব্যাপারে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।