হত্যা মামলার বাদীকে হুমকি দিলেন ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একটি হত্যা মামলার বাদীকে প্রকাশ্যে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওসি সরকারি দলের ক্যাডারদের দিয়ে তাঁকে ধাওয়া দিয়েছেন। গতকাল শনিবার বাউফল থানায় এ ঘটনা ঘটে। হত্যা মামলার ওই বাদীর নাম জাকির হোসেন। তাঁর বাড়ি উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে।

জাকির হোসেন জানান, গত বছরের ৫ আগস্ট চাঁদা না দেওয়ায় বগা ইউনিয়নের রাজনগর গ্রামীণফোন টাওয়ার এলাকায় সন্ত্রাসীরা তাঁর ভাগনে মনিরকে পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় তিনি বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জাকির হোসেন অভিযোগ করেন, ওই মামলার আসামিরা বেশ কয়েকবার মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি দিয়েছেন। ওই মামলার আসামি লিমন ও মিলন সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায় তাঁর (জাকির) বাড়িতে গিয়ে আগামী সাত দিনের মধ্যে মামলা না তুলে নিলে তাঁকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় তিনি গতকাল দুপুরে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় ওসি তাঁকে ধমক দিয়ে বলেন, ‘থানায় যে তোরে আর দেহি না। থানায় আইলে তোর ঠ্যাং (পা) ভাইঙা দিমু। মোতালেব ভাইয়ের (আওয়ামী লীগের নেতা) বিরুদ্ধে মামলা কইরা তুই আবার আইছস থানায় জিডি করতে। তুই থানা দিয়া বাইর হ।’ পরে সরকারি দলের সাত-আটজন ক্যাডার ধাওয়া দিলে তিনি দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন।

জাকির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি অসহায়, স্যার। এত দিন সন্ত্রাসীদের হুমকি ছিল, তাদের সঙ্গে এখন ওসি এক হয়ে আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান।’

ওসি নরেশ চন্দ্র কর্মকার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ও (জাকির হোসেন) খুব খারাপ। আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।’

এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি দেখব।’