হত্যা মামলার বাদীর বিরুদ্ধে পাল্টা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের গৃহবধূ শেফালী বেগম হত্যার ঘটনায় করা মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে। এ ছাড়া আরও তিনটি অভিযোগ দিয়েছে আসামি পক্ষ।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে একই গ্রামের সোহেল হাওলাদারের সঙ্গে রুবেল হাওলাদারের বিরোধ চলে আসছে। এর জেরে ২ মে রুবেল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে সোহেল বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় সোহেলের বাবা এসকেন হাওলাদার (৭০) ও মা শেফালী বেগমসহ (৫০) পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৭ মে শেফালী মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে সোহেল বাদী হয়ে রুবেল ও তাঁর স্ত্রীসহ ১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে রুবেলের স্ত্রী সোনিয়া বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
হত্যা মামলার বাদী সোহেল বলেন, আসামিপক্ষ মামলা প্রত্যাহারের জন্য সন্ত্রাসী দিয়ে নানা ধরনের হুমকি দিয়েছে। এতে ব্যর্থ হয়ে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানি করছে। তিনি আরও বলেন, হত্যা মামলার প্রধান আসামির মা রেহানা বেগম বাদী হয়ে ২১ জুন বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁকে (সোহেল) ও ১০ সাক্ষীকে আসামি করে হামলা ভাঙচুর ও লুটের অভিযোগে মামলা করেছেন। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে থানায় আরও তিনটি অভিযোগ দেওয়া হয়েছে।