আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় দুটো পৃথক মামলা হয়। বিস্ফোরক আইনে একটি, অপরটি হত্যা মামলা।
মামলা দুটির মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলা হত্যা মামলা নিয়ম অনুযায়ী ১৩৫ কার্যদিবসেও শেষ হয়নি। বিচারকাজের সময় বাড়ানোর আবেদন ঝুলে আছে। আর বিস্ফোরক মামলা শুরু হতেই লেগেছে প্রায় ১০ বছর। এ অবস্থায় আজ বুধবার আলোচিত এ হত্যাকাণ্ডের ১১তম বার্ষিকী পালিত হচ্ছে।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। একই ঘটনায় নিহত হন দলটির স্থানীয় আরও চার নেতা-কর্মী। আহত হন প্রায় ৭০ জন। এ হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে পরদিন হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলার বিচার প্রায় ১০ বছর পর শুরু হয়। ট্রাইব্যুনালে ১৩৫ কার্যদিবসে মামলার বিচার-প্রক্রিয়া সম্পন্নের বাধ্যবাধকতার মধ্যে অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণের মধ্যে কেটে যায় সময়। বিচারকাজের সময় বাড়াতে
রাষ্ট্রপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে গত বছরের ২০ ডিসেম্বর ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানকে জানায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিচারকাজের সময় বাড়ানোর আবেদন করেন। প্রায় এক মাস পার হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো নির্দেশনা আসেনি বলে ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ কারণে বিচার-প্রক্রিয়াও বন্ধ রয়েছে।
জানতে চাইলে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, ‘শুধু সাবেক অর্থমন্ত্রী কিংবা আওয়ামী লীগ নেতা বিবেচনায় নয়, জঙ্গি হামলায় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে হত্যার এ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং দ্রুত বিচার-প্রক্রিয়া সম্পন্ন করতে ওই আবেদন করা হয়েছে। আমরা আশা করছি, আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা দ্রুতই আসবে।’
হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল জজ-১ আদালত এ বিস্ফোরক মামলাটি গ্রহণ করে ৫ জানুয়ারি। এর আগে গত বছরের ১১ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলার সম্পূরক অভিযোগপত্র দেয়। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া গউছ ও মুফতি আবদুল হান্নানসহ ৩২ জনকে অভিযুক্ত করা হয়।
বিস্ফোরক মামলার তদন্ত শেষ করে ২০০৫ সালের ২৯ এপ্রিল অভিযোগপত্র হবিগঞ্জ বিচারিক আদালতে দাখিল করে পুলিশ। এ অভিযোগপত্রে প্রকৃত আসামিদের নাম না আসার আপত্তি এনে একই সালে নিহতের পরিবার ও মামলার বাদী হাইকোর্টে নারাজি আবেদন করেন। হাইকোর্ট এ মামলার বিচার কার্যক্রম স্থগিত করেন। এ ভাবে কেটে যায় প্রায় নয় বছর।
২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে অবমুক্ত হয় এ স্থগিতাদেশ। এ আদেশবলে হবিগঞ্জ বিচারিক আদালত গত বছরের ১৭ ফেব্রুয়ারি মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিকে আদেশ দেন। মামলার পরবর্তী দিন আগামী ২৯ ফেব্রুয়ারি ধার্য আছে।
মামলার বাদী সাংসদ আবদুল মজিদ খান বলেন, ‘বিস্ফোরক মামলাটি বিলম্ব হলেও শুরু হওয়ায় আমরা খুশি। আশা করছি, দ্রুতই বিচার কার্যক্রম শেষ হবে এবং জাতি প্রকৃত অপরাধীদের শাস্তি দেখবে।’