সাতকানিয়ার যুবলীগ নেতার ‘স্বীকারোক্তির ভিত্তিতে’ আগ্নেয়াস্ত্র উদ্ধার
হত্যা মামলার রহস্য 'উদ্ঘাটন'
চট্টগ্রামের সাতকানিয়ার আনোয়ারা বেগম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। তা ছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার যুবলীগের এক নেতার স্বীকারোক্তির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
গত ৭ জানুয়ারি সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাফেজ আহমেদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় হাফেজ আহমেদ বেঁচে গেলেও তাঁর ছেলের শাশুড়ি আনোয়ারা বেগম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম ওরফে মানিককে প্রধান আসামি করে মামলা করেন হাফেজ আহমেদ।
সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, আনোয়ারা বেগম হত্যা মামলার দুই আসামি মো. আমিন ও নুরুল আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় নাম এলে এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মাহফুজুল হককে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর (মাহফুজুল) ছনখোলা গ্রামের বাড়ির পাশে ডোবার পাড়ে মাটির নিচ থেকে গত সোমবার রাতে একটি একে টুটু রাইফেল, তিনটি এলজি, ছয়টি রাইফেলের গুলি, সাতটি কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. ওবায়দুল হক জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাফেজ আহমেদ ও নজরুল ইসলাম ওরফে মানিকের মধ্যে দ্বন্দ্ব আছে। এ সুযোগ কাজে লাগিয়ে হাফেজ আহমেদকে খুন করতে গুলি করেছিলেন মাহফুজুল। গুলিতে হাফেজ আহমেদ মারা গেলে আসামি হবেন নজরুল। আর এলাকার আধিপত্য চলে আসবে তাঁর (মাহফুজুল) কাছে—এই আশা থেকে হাফেজ আহমদকে হত্যা করতে চেয়েছিলেন মাহফুজুল। তিনি জানান, ৫ আগস্ট মাহফুজুলকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গত সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। মাহফুজুলের স্বীকারোক্তির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এক দিনের রিমান্ড শেষে মাহফুজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মাহফুজুলের ভাই জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর ভাই জড়িত নন। তাঁর ভাইয়ের কাছে কোনো অস্ত্রও নেই। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে কিছুই পায়নি। রাতে বলছে অস্ত্র পেয়েছে। তাঁর দাবি, পুলিশের সঙ্গে আঁতাত করে প্রতিপক্ষের লোকজন অস্ত্রগুলো মাটির নিচে রেখে গেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ওবায়দুল হক।