দোয়া মাহফিল, খাদ্য বিতরণ, সঞ্চরণসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার গাজীপুরে শ্রমিকনেতা ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সরকারের দুজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, চারজন সাংসদসহ আওয়ামী লীগের নেতারা।
তাঁরা হলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, গাজীপুরে আওয়ামী লীগের চার সাংসদ আ ক ম মোজাম্মেল হক, মো. জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ, সিমিন হোসেন রিমি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লাহ খান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে সদর উপজেলার হায়দরাবাদ এলাকায় আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণ করা হয়। পরে কবরের পাশে সঞ্চরণসভার আয়োজন করা হয়।
দুপুর একটার দিকে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।
২০০৪ সালের ৭ মে ওই বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জনসভায় একদল সন্ত্রাসী তৎকালীন গাজীপুর-২ আসনের সাংসদ আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। ২০০৫ সালের ১৬ এপ্রিল হত্যা মামলার রায়ে বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। কিন্তু আট বছরেও রায় কার্যকর হয়নি।