রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষণার ধার্য দিন আজ সোমবার৷ এ মামলায় গত ২৮ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় ঘোষণার তারিখ ধার্য করেন৷
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম জাহিদ সরদার গতকাল রোববার সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষ থেকে মামলার প্রয়োজনীয় কাগজপত্র (কেস ডকেট) আদালতে জমা দেওয়া হয়েছে।
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনায় করা রমনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি এবং হত্যার অভিযোগে একটি মামলা করা হয়৷ ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে দুটি মামলারই অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০০৯ সালের ১৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন৷
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে আছেন মুফতি হান্নান, আরিফ হাসান ওরফে সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ আবু তাহের, আবদুর রউফ, সাব্বির ওরফে আবদুল হান্নান সাব্বির৷