হত্যা মামলার রায়ে দুজনের যাবজ্জীবন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভ্যানচালক জিয়ারুল হক হত্যাকাণ্ডের মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম ওই দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: সৈয়দপুরের শ্বাসকান্দর গ্রামের আবদুল কাদের (৩০) ও বোতলাগাড়ি বালাপাড়া গ্রামের গোলজার হোসেন (৩৫)। এঁদের মধ্যে গোলজার হোসেন পলাতক রয়েছেন। একই মামলায় অপর তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ নভেম্বর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভ্যানচালক জিয়ারুল কয়েকজন যাত্রী নিয়ে একই উপজেলার ভুসিরবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই জিয়ারুল নিখোঁজ হন। তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে ওই বছরের ২০ নভেম্বর চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন।
২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি সৈয়দপুর থানার পুলিশ সৈয়দপুরের কুন্দর পুরোনো ঈদগাহ মাঠ সংলগ্ন খড়খড়িয়া নদীর পাড় থেকে একটি গলিত লাশ উদ্ধার করে। খবর পেয়ে জিয়ারুলের স্বজনেরা পরনের কাপড় দেখে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হয়।