হত্যা মামলার সাক্ষী খুন
কুষ্টিয়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় হত্যা মামলার সাক্ষী কৃষক রাহাত আলী সর্দার খুন হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমারগাড়া গ্রামের জিকে ক্যানেল পাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলার বটতৈল ইউপির চেয়ারম্যান শাহীন সালাউদ্দিন ও সদস্য এনামুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুজনই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। বুধবার দুপুরে এনামুল হক তাঁর সমর্থক রাহাত সর্দারকে নিয়ে কুমারগাড়া গ্রামের বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। পথে শাহীনের কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করেন। বিষয়টি তাঁরা সন্ধ্যায় সদর থানায় অবহিত করেন। পরে রাত ১০টার দিকে রাহাত সর্দার জিকে ক্যানেল হয়ে নিজ বাড়ি টাকিমারা গ্রামে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর সুযোগ বুঝে শাহীনের সমর্থকেরা এনামুল হকের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। এর প্রতিবাদে এনামুল হকের সমর্থকেরা পাল্টা শাহীন সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।এনামুল হক প্রথম আলোকে বলেন, সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে রফিকুল ইসলাম হত্যা মামলায় আগামী রোববার আদালতে রাহাত সর্দারের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। শাহীন সালাউদ্দিন ওই মামলার আসামি। কয়েক দিন ধরেই তাঁকে সাক্ষ্য না দেওয়ার ব্যাপারে হুমকি দেওয়া হচ্ছিল।এ ব্যাপারে শাহীন সালাউদ্দিন বলেন, ‘খুন যারাই করুক না কেন, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কী কারণে রাহাত সর্দার খুন হয়েছেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে রাহাত একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। ওই মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীন সালাউদ্দিন আসামি।