হত্যা মামলার সাক্ষীকে আদালত প্রাঙ্গণে হুমকি!
সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার সাবেক সম্পাদক স ম আলাউদ্দিন হত্যা মামলার সাক্ষীকে মামলার দুই আসামি আবদুস সবুর ও খলিলুল্লাহ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মামলাটির ধার্য দিনে আদালত প্রাঙ্গণে এ হুমকি দেওয়া হয়।স ম আলাউদ্দিনের মেয়ে ও মামলার সাক্ষী শাহনাজ পারভীন আদালতকে জানান, সোমবার সকালে জজ আদালতের নিচতলার বারান্দায় আলাউদ্দিন হত্যা মামলার আসামি আবদুস সবুর ও খলিলুল্লাহ সাক্ষ্য না দিতে তাঁকে হুমকি দেন। তবে অভিযুক্ত দুই আসামি হুমকি দেওয়ার কথা আদালতে অস্বীকার করেছেন।আদালত সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে সোমবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক এবং আবদুল হাই সাক্ষ্য দেন।সাতক্ষীরা জজকোর্টের পিপি মুস্তফা লুৎফুল্লাহ আদালত প্রাঙ্গণে সাক্ষী শাহনাজ পারভীনকে হুমকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকার কার্যালয়ে খুন হন সাতক্ষীরার দৈনিক পত্রদূত-এর সম্পাদক স ম আলাউদ্দিন। মামলায় ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।