হত্যা মামলার সাক্ষীদের অন্য মামলায় হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নে একটি হত্যা মামলার সাক্ষীদের মাছ চুরির মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ মামলাটি করেছেন হত্যা মামলার প্রধান আসামির স্ত্রী।মাছ চুরির মামলার আসামি বেতাগৈরের চরলক্ষ্মীদিয়া গ্রামের শাহ আলম (৩৫), চর ভেলামারী গ্রামের মো. আজিজুল হক (৩৫), আবুল হোসেনসহ (৩০) অন্যরা জানান, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে গত বছরের ৬ আগস্ট প্রতিপক্ষের গুলিতে চরভেলামারী গ্রামের আবুল হাসেম (৪৫) নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে আবুল হোসেন (২৫) নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় তাঁদের সাক্ষী হিসেবে রাখা হয়েছে।ওই মামলার তিন মাস পর হত্যা মামলার প্রধান আসামি ইকবাল হোসেনের স্ত্রী মুর্শিদা তাঁদের পুকুর থেকে মাছ চুরির অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের বেশির ভাগই আবুল হাসেম হত্যা মামলার সাক্ষী ও তাঁদের আত্মীয়স্বজন।মামলায় চরলক্ষ্মীদিয়া গ্রামের যে পুকুর থেকে মাছ চুরির কথা বলা হয়েছে ওই পুকুরের পশ্চিম পাশে দারুসসালাম নূরানি হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসার ছাত্রদের কাছে গত বছরের ১৫ অক্টোবরের মাছ চুরির ঘটনা সম্পর্কে জানতে চাইলে তারা কিছু বলতে পারেনি।পুকুরের দক্ষিণপাড়ে অবস্থিত চায়ের দোকানের মালিক আবুল কাশেম খাঁ বলেন, ‘মামলায় বলা হয়েছে সকাল সাড়ে আটটায় মাছ চুরি হয়েছে। ওই সময় মাছ চুরি হলে কেউ না কেউ ঘটনাটি অবশ্যই দেখতে পেত।’আরেক দোকানের মালিক আবদুল হামিদ বলেন, মাছ চুরির কোনো ঘটনা এখানে ঘটেনি।ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন সরকার বলেন, ঘটনাটি সাজানো বলে তাঁর মনে হয়েছে। মামলাটির বাদীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, ‘কয়েক দিনের মধ্যেই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। মাছ চুরির মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা না পাওয়া গেলে চূড়ান্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে।’হয়রানির বিষয়ে ওসি বলেন, পুলিশ অযথা কাউকে হয়রানি করবে কেন।