হত্যা মামলার সাত আসামিকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান হত্যা মামলার সাত আসামিকে হাইকোর্ট এলাকা থেকে গতকাল সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক আসামির আত্মীয়।
সাত আসামির মধ্যে একজন জামিন পেয়েছিলেন এবং বাকি ছয়জনের ক্ষেত্রে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে আদালত নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আরিফুল হক। তিনি প্রথম আলোকে বলেন, আসামিদের তুলে নিয়ে যাওয়ার ঘটনা আদালতকে জানানো হয়েছে। আদালত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী মামলার জামিনপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিলের ভাগনে শাহীন আলম জানান, গতকাল দুপুরে এই মামলার আসামি ও নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে ফটিক জামিন পান। অন্য আসামিরা হলেন আবদুল হান্নান, কাওছার আহমেদ, রাজিবুল হাসান, শাহ আলম, হায়দার রশিদ ও সবুজ আহমেদ।
বেলা দুইটার দিকে জামিনের কাগজপত্র নিয়ে ইব্রাহিম খলিল ও অন্য আসামিরা হাইকোর্ট আইনজীবী ভবনের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় আটজন সাধারণ পোশাক পরিহিত লোক তাঁদের ঘিরে ধরেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই জোর করে তাঁদের একটি কালো মাইক্রোতে উঠিয়ে নিয়ে চলে যান। এ সময় শাহীন আলম তাঁদের সঙ্গে ছিলেন।