ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি কৌঁসুলির (পিপি) উপস্থিতিতে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে সালিস বৈঠকে ১৫ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে একটি হত্যা মামলার ‘আপসরফা’ হয়েছে৷
নাম প্রকাশ না করার শর্তে জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য প্রথম আলোকে বলেন, প্রথমত দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী হত্যা মামলা আপসযোগ্য নয়৷ দ্বিতীয়ত, এ-জাতীয় কথিত অপসরফা পিপির সম্মতি ছাড়া হওয়া সম্ভব নয়৷ কেননা, কোনো হত্যা মামলার মূল বাদী রাষ্ট্র৷ আর রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার দায়িত্ব পিপির৷ রাষ্ট্রপক্ষ কতটা শক্ত অবস্থানে থাকবে, তার ওপর মামলার ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করে৷
এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ আগস্ট বোয়ালমারীর ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত হন সাতৈর বাজারের চাল ব্যবসায়ী আবুল কালাম (৪৩)৷ ওই দিনই তাঁর বড় ভাই তাজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল খায়েরসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেন৷
আদালতের নথি থেকে জানা গেছে, মামলাটি প্রথমে তদন্ত করেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান৷ পরবর্তী সময়ে তদন্ত করেন এসআই এনায়েত হোসেন৷ ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা আবুল খায়েরের নাম বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন৷ পরে বাদীপক্ষের আপত্তির কারণে মামলাটি পুনরায় তদন্ত করে আবুল খায়েরসহ আরও তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়৷ মামলাটি ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মাসুদ-এ-মাওলা সোহেলের আদালতে বিচারাধীন রয়েছে৷
২ মে ময়না ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নায়েব আলীর বাড়িতে ওই মামলার অপসরফার উদ্যোগ নেওয়া হয়৷ সভায় মূল ভূমিকা পালন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন৷ সভায় ফরিদপুর জজকোর্টের পিপি খসরুজ্জামান অংশ নেন৷ এতে ১৫ লাখ ৫০ হাজার টাকায় আপসরফার সিদ্ধান্ত হয়৷ আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে ১৭ সদস্যের অপসরফা কমিটিও গঠন করা হয়৷ ১৮ মে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার আগে কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুনের হিসাব নম্বরে আপসরফার ১৫ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুল কালামের স্ত্রী সুফিয়া বেগম দুই শিশুসন্তান নিয়ে স্বামীর ভিটায় মানবেতর জীবন যাপন করছেন৷ তিনি বলেন, ‘স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে আর্থিক কষ্টের মধ্যে আছি৷ আমি জেনেছি, আসামিদের সঙ্গে আপসরফা চলছে৷ টাকাটা যদি আমি পাই, তাহলে চলতে পারতাম, তা না হলে দুই বাচ্চাকে নিয়ে পথে বসতে হবে৷ কিন্তু আমার স্বামীর ভাইয়েরা টাকা দেবে বলে মনে হচ্ছে না৷’
ময়না ইউপির প্যানেল চেয়ারম্যান ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, ‘এর আগে সালিস বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১২ লাখ টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ সেবার আমরা বলেছিলাম, পুরো টাকা নিহতের স্ত্রী ও সন্তানদের দেওয়া হবে৷ কিন্তু আমাদের প্রস্তাব পছন্দ হয়নি বলে বাদী তাজুল ইসলাম তা মানেননি৷ এবার যে ১৫ লাখ ৫০ হাজার টাকায় মীমাংসা হয়েছে, সেই টাকা নানাভাবে ভাগ-বাঁটোয়ারা করা হবে বলে শোনা যাচ্ছে৷ শুনছি বাদীপক্ষকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে৷ বাকি টাকা সালিসদারসহ বিভিন্ন মহলের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হবে৷ এ টাকা নিহতের স্ত্রী ও সন্তানেরা পাবে বলে মনে হয় না৷’
আবদুল্লাহ আল মামুন বলেন, ওই টাকা পাওয়া গেলে নিহতের স্ত্রীকেই দেওয়া হবে৷ তবে মামলার খরচ বাবদ বাদীকেও কিছু টাকা দিতে হবে৷ মামলার বাদী তাজুল ইসলামের মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি৷ তবে বাদী ও নিহত আবুল কালামের ছোট ভাই বাহারুল ইসলাম বলেন, ‘আমাদের পুরো ১৫ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সালিসকারকেরা৷ সাক্ষ্য দেওয়ার আগে আমরা যদি টাকা পাই, তাহলে একভাবে সাক্ষ্য দেব, আর টাকা না পেলে অন্যভাবে সাক্ষ্য দেব৷’
এ ব্যাপারে পিপি খসরুজ্জামান বলেন, ‘আমি ওই সভায় পিপি হিসেবে নয়, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছি৷’ তিনি আরও বলেন, হত্যা মামলা প্রত্যাহারের সুযোগ নেই৷ তবে দুই পক্ষের মধ্যে আপস হয়ে গেলে সাক্ষীরা আসামিদের ব্যাপারে, ‘দেখি নাই’, ‘ঠিক মনে নেই’—এ-জাতীয় কথা বলে আসািমদের ভূমিকা হালকা করে দিতে পারেন৷ তবে সর্বোপরি বিষয়টি বিচারকের এখতিয়ারভুক্ত৷ তাই মামলার বাইরে সালিস হলেও আদালতের রায় কী হবে, তা নিশ্চিত করে বলা যায় না৷