সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, এ বিষয়ে আজ সোমবার শুনানি শুরু হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের আদালতে এই শুনানি চলছে।
একই ঘটনায় ইমারত নির্মাণ আইনে করা মামলার বিচারকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তাঁর মা-বাবাসহ ১৮ জন এই মামলার আসামি।
গত ১৪ জুন ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান ইমারত নির্মাণ আইনে করা মামলার অভিযোগ গঠনের আদেশ দেন। আদালত আগামী ২৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
আদালত সূত্র জানায়, রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় গত বছরের ১ জুন ওই ভবনের কর্ণধার সোহেল রানাসহ মোট ৪২ জনকে আসামি করে পৃথক অভিযোগপত্র দেয় সিআইডি। এর মধ্যে হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়। এ হিসাবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাঁদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ১১ শতাধিক মানুষ প্রাণ হারান। তাঁদের অধিকাংশই ছিলেন পোশাকশ্রমিক। আহত হন প্রায় দুই হাজার মানুষ। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা হয়।
আরও পড়ুন:
ইমারত নির্মাণ আইনে মামলার বিচার শুরু