হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় এক আসামিকে হাজির না করায় গতকাল সোমবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি। আগামী ১৮ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।

গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিনে সরোয়ার কামাল নামের এক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় শুনানির জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান নতুন তারিখ ধার্য করেন।

আদালত সূত্র বলেছে, মামলার নথিতে সরোয়ার কামাল পলাতক। গতকাল তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, সরোয়ার কামাল হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেন। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন। আদালত সরোয়ার কামালকে পরবর্তী তারিখে হাজির করার আদেশ দেন।

এ মামলায় কারাগারে আটক রানা প্লাজার কর্ণধার সোহেল রানাসহ ছয় আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ২৩ জন আদালতে হাজির ছিলেন।

আদালত সূত্র বলেছে, রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনের মামলায় সোহেল রানাসহ মোট ৪২ জনের বিরুদ্ধে গত বছরের ১ জুন পৃথক অভিযোগপত্র দেয় সিআইডি। এর মধ্যে হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়।