হত্যা মামলায় আটজনের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের পাটকলশ্রমিক এনামুল হক ওরফে এহতেশাম হত্যা মামলায় আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে একটি ধারায় আসামি মো. হারুন মোল্লা ও তাঁর তিন ভাই মো. ফারুক মোল্লা, মো. পিপুল মোল্লা ও মো. জহুর মোল্লা এবং মো. কালন শেখকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অপর একটি ধারায় মো. হারুন মোল্লা, মো. ফারুক মোল্লা, মো. লাভলু মোল্লা, মো. পিপুল মোল্লা, মো. আসলাম মোল্লা (পলাতক) ও মো. কালাম মোল্লাকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১১ জানুয়ারি তেরখাদা উপজেলার লস্করপুর বাজারে এহতেশামকে কুপিয়ে আহত করেন এলাকার কয়েকজন যুবক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এহতেশামের
ভাই ইলিয়াস হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন।

ওই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এস আই স্বপন কুমার মজুমদার ১৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। নিহত এহতেশাম খুলনা মহানগরীর রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ছিলেন।