হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোহাম্মদ আলী হত্যা মামলায় গত সোমবার আবু তাহের (৪২) নামে যুবলীগের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আবু তাহের সান্দিকোনা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

কেন্দুয়া থানা-পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গত সোমবার রাতে অভিযান চালিয়ে সাহিতপুরবাজার থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি রাইজুরা গ্রামে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল আবু তাহেরকে গ্রেপ্তার করে। আবু তাহের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।