হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলার মনিরামপুর উপজেলার কলেজশিক্ষক সঞ্জয় হালদার হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন যশোর মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিতুজ্জামান ওরফে মহিত মাস্টার, রোজিপুর গ্রামের প্রসেন হালদার, মহেন হালদার, বিধান হালদার ও হিরামন হালদার, একই উপজেলার খাকুন্দি গ্রামের আনিচুর রহমান এবং মনোহরপুর গ্রামের মিজানুর রহমান।
মামলার বিবরণে জানা গেছে, মশিয়াহাটী ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সঞ্জয় হালদার ২০০৮ সালের ১৬ মার্চ রাতে পাশের কুমরঘাটা বাজার থেকে রোজিপুর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর ওপর বোমা হামলা চালায়। বোমার স্প্লিন্টারে সঞ্জয়ের দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। দ্রুত তাঁকে যশোরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তিনি মারা যান।