সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীসহ বিএনপির নেতারা জামিন লাভ করেছেন। সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এনায়েত কবির সরকারের আদালতে গতকাল রোববার ইলিয়াস আলীসহ বিএনপির তিন নেতা হাজির হলে তাঁর পক্ষে আইনজীবী জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন। এ মামলায় পরবর্তী তারিখ আগামী ১২ মার্চ ধার্য হয়। জামিন পাওয়া অন্যরা হচ্ছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান জামান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ টি এম ফয়েজ। গত ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায় সিলেটগামী ‘হবিগঞ্জ-সিলেট সুপার এক্সপ্রেসে’ আগুন দিয়ে যাত্রী পুড়িয়ে হত্যাসহ একাধিক স্থানে ভাঙচুর ও নাশকতার ঘটনায় মহানগর পুলিশের চার থানায় পুলিশ বাদী হয়ে সাতটি মামলা করে। পুলিশের তদন্তে সাতটি মামলায় ইলিয়াস ‘মদদদাতা’ হিসেবে আসামি এবং বিএনপির স্থানীয় দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।এর মধ্যে দক্ষিণ সুরমা থানায় দায়ের করা হত্যা মামলাসহ অন্য ছয়টি মামলায় ইলিয়াসসহ সব আসামি উচ্চ আদালতের আদেশে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। এ আদেশের দুই মাস আজ সোমবার পূর্ণ হবে। এর আগেই গতকাল স্থানীয় নেতা-কর্মী নিয়ে ইলিয়াস আদালতে গেলে অর্ধশতাধিক আইনজীবী তাঁর পক্ষে জামিন প্রার্থনায় অংশ নেন।