হত্যা মামলায় এক পরিবারের তিনজনের যাবজ্জীবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে রাসেল মিয়া হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে শেরপুরের জেলা ও দায়রা জজ কিরণ শঙ্কর হালদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের ইমান আলী (৫০), ইমানের ছোট ভাই হোসাইন মিয়া (৪৪) ও হোসাইনের স্ত্রী আজেদা খাতুন (৩৮)। আজেদা খাতুন পলাতক রয়েছেন। এ ছাড়া রূপারপাড়া গ্রামের এমরান (৩০) ও হাবিবুল্লাহকে (৬৫) ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ফেরদৌসকে (৪০) এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৪ এপ্রিল বিকেলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দণ্ডপ্রাপ্ত আসামিরা শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের কৃষক মফিল উদ্দিনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। তাঁদের বাধা দিতে গিয়ে মফিল উদ্দিন, তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে নূরজাহান বেগম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাসেল।

এ ঘটনায় মফিল উদ্দিনের আরেক ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ইমান আলীসহ ১১ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৪ সালের ৩১ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল।

আসামিপক্ষে ছিলেন মোখলেছুর রহমান। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন তিনি।