হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড
রাজশাহীতে একটি হত্যা মামলায় একজনকে ফাঁসি এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রাজশাহী মহানগরের রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকার আবদুল মালেক (৪২) ও আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জেলার পবা উপজেলার দারুশা গ্রামের জাহাঙ্গীর আলম (৩২)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির সদস্য আল-আমিনকে (২৯) হত্যার দায়ে আদালত তাঁদের এই সাজা দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এন্তাজুল হক জানান, ২০১৩ সালের ৫ আগস্ট মোল্লাপাড়া এলাকায় তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনের ওপর হামলা চালান মালেক ও জাহাঙ্গীর। পূর্বশত্রুতার জের ধরে এ হামলা করা হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আল-আমিন।
এ ঘটনায় ওই দিন রাতে আল আমিনের বাবা আবদুল ওহাব নগরের রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় মালেক ও জাহাঙ্গীরকে আসামি করেন। এ মামলায় মোট ১৫ জনকে সাক্ষী করা হয়। তবে আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষেই এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুন্না সাহা। আর আসামিপক্ষে ছিলেন একরামুল হক।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আল-আমিনের স্বজন এবং শ্রমিক সংগঠনের নেতারা। নিহত আল-আমিনের ছোট ভাই রাফিয়াত ইসলাম বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। তবে আমরা চাই, দ্রুত এ রায় বাস্তবায়ন করা হোক। রাষ্ট্রের কাছে এখন এটিই প্রত্যাশা।’