হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম কাজীরগাঁও গ্রামে নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন ও দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময়ে আসামিরা সবাই পলাতক ছিলেন।
আজ রোববার চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন।
আদালত সূত্র জানায়, মামলার রায়ে আসামি মো. জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি মো. রিপনকে ৮ বছর ও ফারহানা ওরফে ফেন্সীকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সম্পর্কে ভাইবোন। এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বাবা আব্দুর রহিম ও মা সাদিয়া বেগমকে খালাস দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম কাজীরগাঁও গ্রামে মিয়াজী বাড়িতে পুকুর ঘাটে গরুর বাছুর বেঁধে রাখাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এর জের ধরে দণ্ডপ্রাপ্তরা দেশীয় অস্ত্র নিয়ে নাসিরের ওপর হামলা চালান। দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় নাসিরের মৃত্যু হয়। এ ঘটনায় নাসির উদ্দিনের বড় ভাই গিয়াস উদ্দিন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
সরকারি কৌঁসুলি রণজিৎ রায় চৌধুরী রায় ও দণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি প্রায় ১৩ বছর আদালতে চলমান অবস্থায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।